কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোট মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী ১২ তারিখ দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারিত হবে। তিনি বলেন, কেউ ভয় দেখালেও জনগণ যেন সাহস হারিয়ে না ফেলে। যারা ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা করবে, তাদের সতর্ক করে তিনি বলেন—বাসা থেকে বের হওয়ার আগে মা–বাবার দোয়া নিয়ে বের হতে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ধোরকরা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন ও সংগ্রাম চালানো হয়েছে। যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছে, তাদের এখনই সাবধান হয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তার ভাষায়, বিগত বছরগুলোতে ভিন্নমতের মানুষের কণ্ঠ রোধ করা হয়েছিল, দেশ কার্যত একটি উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছিল।
তিনি আরও বলেন, গুম, নির্যাতন, ক্রসফায়ার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণের সংস্কৃতি আর চলবে না। আগামীর বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র, যেখানে মত ও দ্বিমত প্রকাশের পূর্ণ স্বাধীনতা থাকবে। ধর্ম, জাতিসত্তা বা পরিচয়ের ভিত্তিতে নয়—সবাই সমান মর্যাদায় বাংলাদেশি নাগরিক হিসেবে শান্তিতে বসবাস করবে।
চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
