ভোট দিতে কী এনআইডি কার্ড সঙ্গে নিতে হবে যা জানা গেলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এবারকার নির্বাচন আরও তাৎপর্যপূর্ণ, কারণ প্রথমবারের মতো একই দিনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটাররা একদিকে তাদের পছন্দের সংসদ সদস্য নির্বাচিত করবেন, অন্যদিকে গণভোটে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে মতামত জানাবেন। গণভোটের ব্যালটে থাকবে দুটি বিকল্প—‘হ্যাঁ’ অথবা ‘না’। ভোটাররা তাদের সিদ্ধান্ত অনুযায়ী একটি অপশনে সিল দিয়ে মত প্রকাশ করবেন।
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ভোটের সময় অনেকের মনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়ে প্রশ্ন দেখা দেয়। কারও কার্ড হারিয়ে গেছে, কেউ আবার নতুন ভোটার হওয়ায় এখনো এনআইডি হাতে পাননি। তবে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভোট দিতে এনআইডি কার্ড সঙ্গে থাকা বাধ্যতামূলক নয়। ভোটার তালিকায় নাম ও ছবি মিললেই পোলিং অফিসার ব্যালট পেপার প্রদান করবেন।
ভোট প্রক্রিয়া সহজ করতে আগে থেকেই নিজের ভোটকেন্দ্র ও ভোটার নম্বর জেনে নেওয়া উত্তম। এতে কেন্দ্রে গিয়ে সময় বাঁচবে এবং ভোটদান আরও নির্বিঘ্ন হবে।
