জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি


 






রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছে ‘সচেতন নাগরিক সমাজ’ নামে একটি সংগঠন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ তথ্য জানান।



সংবাদ সম্মেলনে সদস্য সচিব ও আলোচিত নারী উদ্যোক্তা-ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি প্রধানমন্ত্রীর উদ্দেশে পাঠানো চিঠিটি পাঠ করে শোনান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক নীলা ইসরাফিল


লিখিত বক্তব্যে রোবাইয়াত ফাতিমা তনি বলেন, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতারা বিভিন্ন সময়ে প্রকাশ্যে মন্তব্য করেছেন যে, নারী দলীয় প্রধান, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি কিংবা গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান হতে পারবেন না। তার দাবি, এ ধরনের অবস্থান দলটির ঘোষিত নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ এবং তা সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদের পরিপন্থী।




তিনি আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী লিঙ্গ সমতার বিরোধিতা করলে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের বিধান রয়েছে। রাষ্ট্র পরিচালনায় নারীর অংশগ্রহণ অস্বীকার করা অসাংবিধানিক ও বৈষম্যমূলক—এমন মন্তব্যও করেন তিনি।




চিঠিতে জামায়াতের নিবন্ধন পুনর্বিবেচনা, সংশ্লিষ্ট বক্তব্যের জন্য আইনগত ব্যবস্থা এবং প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবি জানানো হয়েছে। পাশাপাশি নারীবিদ্বেষী বক্তব্যের বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

Previous Post
No Comment
Add Comment
comment url