শেষ মুহূর্তের জরিপে উঠে এলো নির্বাচনে কোন দল কতটি আসন পাবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে—কোন দল গঠন করবে আগামী সরকার? সাম্প্রতিক দিনগুলোতে প্রকাশিত একাধিক জরিপে বিএনপিকে এগিয়ে রাখা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার প্রকাশ পেয়েছে তরুণদের অংশগ্রহণে পরিচালিত স্বতন্ত্র অনলাইন জরিপ ‘জেন-জেড ব্যালট’-এর ফলাফল।
১ ফেব্রুয়ারি শুরু হয়ে টানা ১০ দিন চলা এ অনলাইন ভোটাভুটিতে অংশ নেন ৪৬ হাজার ৬২৬ জন ভোটার। আয়োজকদের ভাষ্য, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণ প্রজন্মের প্রত্যাশা, মতামত ও দলীয় জনপ্রিয়তা যাচাই করাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক প্ল্যাটফর্মে পরিচালিত এ জরিপে অংশগ্রহণ ছিল স্বেচ্ছাভিত্তিক।
প্রকাশিত ফলে দেখা যায়, ৩০০ আসনের মধ্যে ১৯০টিতে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), যা একক সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সম্ভাব্য ৫১টি আসন নিয়ে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬টি, খেলাফতে মজলিশ ৫টি আসনে এগিয়ে রয়েছে। ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্ভাব্য ৩টি করে আসনে সমর্থন পেয়েছে বলে জরিপে উল্লেখ করা হয়। তবে এটি অনলাইনভিত্তিক স্বতন্ত্র জরিপ; বাস্তব নির্বাচনী ফল ভিন্ন হতে পারে।
