আবারো দেশে ভূমিকম্প অনুভূত
ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকেলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের সিলেটসহ আশপাশের অঞ্চলে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.০। কম্পনের কারণে সিলেট অঞ্চলের অনেক মানুষ তা স্পষ্টভাবে অনুভব করেন।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। বিজ্ঞপ্তিতে সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা উল্লেখ করেন, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলার গোয়াইনঘাট এলাকায়। এটি ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে প্রায় ২১৪ কিলোমিটার দূরে অবস্থিত।
অন্যদিকে ইএমএসসি’র তথ্যমতে, ভারতের স্থানীয় সময় বিকেল ৫টা ২ মিনিটে মেঘালয় অঞ্চলে ভূমিকম্পটি ঘটে। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। কম্পনের কেন্দ্র ভারতের গুয়াহাটি শহর থেকে আনুমানিক ১২৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে এবং বাংলাদেশের সিলেট শহর থেকে প্রায় ২১ কিলোমিটার উত্তরে অবস্থান করছিল।
ভূমিকম্পের কম্পন ভারতের উত্তর-পূর্বাঞ্চল ছাড়াও বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
