নাসিরুদ্দীন পাটওয়ারীর নতুন ওয়েবসাইট ‘চান্দাবাজ ডট কম’
দেশজুড়ে চাঁদাবাজি প্রতিরোধে নতুন একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। ‘চান্দাবাজ ডট কম’ নামের এই ওয়েবসাইটটি উদ্যোগ নিয়েছেন ঢাকা-৮ আসনের ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সাইটটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। ব্যবহারকারীরা সরাসরি chandabaaj.com ঠিকানায় প্রবেশ করে অভিযোগ জানাতে পারবেন।
উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, চালুর পরপরই দেশের বিভিন্ন এলাকা থেকে অন্তত আটটি অভিযোগ জমা পড়েছে। সংশ্লিষ্ট টিম এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করছে। অভিযোগে প্রাপ্ত তথ্য-প্রমাণ পর্যালোচনা করে প্রয়োজন হলে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানানো হয়েছে।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো এলাকায় চাঁদাবাজির ঘটনা ঘটলে ভুক্তভোগী বা প্রত্যক্ষদর্শীরা যেন দ্রুত প্রমাণসহ রিপোর্ট করেন। এতে অপরাধীদের শনাক্ত করা সহজ হবে এবং আইনি প্রক্রিয়া ত্বরান্বিত হবে। তিনি আরও বলেন, একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে হলে চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। এই প্ল্যাটফর্ম সেই প্রচেষ্টারই অংশ।
