কোন দল কোথায় নির্বাচনী প্রচারণা শুরু করবে যা জানা গেলো
প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। বুধবার প্রার্থীরা নিজ নিজ প্রতীক পাওয়ার পর আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে জমে উঠছে নির্বাচনী মাঠ। এর ফলে রাজনৈতিক দল ও প্রার্থীরা সরাসরি ভোটারদের কাছে যাওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনী প্রচার চালানো যাবে। এরপর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংক্রান্ত গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচনী প্রচারের প্রথম দিনেই বড় সমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলটি আজ সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করবে। পাশাপাশি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে আয়োজিত সমাবেশগুলোতে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে জামায়াতে ইসলামী আজ দুপুর দুইটায় রাজধানীর মিরপুর আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করেছে। এতে দলটির আমির শফিকুর রহমানসহ ১০–দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। একই দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসপি) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবে। এছাড়া সিপিবি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবে এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়ায় বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
