জামায়াত-এনসিপিকে সতর্ক করে ইসির চিঠি, যা জানা গেলো
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে ইসির সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকাস্থ সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠকে রাষ্ট্রদূত নিকোলাস উইকস, সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং মানবাধিকার, গণতন্ত্র ও জেন্ডার সমতা বিষয়ক একটি প্রতিনিধি দল অংশ নেন।
বৈঠক শেষে আখতার আহমেদ বলেন, সুইডিশ প্রতিনিধি দল নির্বাচনের সার্বিক পরিবেশ, রাজনৈতিক দলের নিবন্ধন ও আপিল প্রক্রিয়া, পোস্টাল ভোটের কারিগরি দিক, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপতথ্য মোকাবিলায় ইসির ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ দেখায়। বিশেষভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ও উদ্দেশ্যমূলক অপপ্রচার প্রতিরোধে কমিশন কীভাবে কাজ করছে, সে বিষয়ে তারা প্রশ্ন করেন। এছাড়া নির্বাচনী প্রক্রিয়ায় কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন কি না, তাও জানতে চান রাষ্ট্রদূত।
আইনশৃঙ্খলা প্রসঙ্গে সিনিয়র সচিব জানান, নির্বাচনকালে নিরাপত্তা বাহিনী মোতায়েনের সুস্পষ্ট পরিকল্পনা তাদের সামনে তুলে ধরা হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত আলোচনার পর সুইডিশ রাষ্ট্রদূত ইসির প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে বিএনপির অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে ইসি। কমিশনের পাঠানো চিঠিতে নির্ধারিত সময়ের আগে প্রচারণাকে বেআইনি উল্লেখ করে ভবিষ্যতে এমন কার্যক্রম চললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
