হাসিনা যুগের সমাপ্তি? আল জাজিরাকে জয় বললেন
আওয়ামী লীগ যদি আবার বাংলাদেশে সক্রিয় রাজনীতিতে ফেরার সুযোগ পায়, তাহলে শেখ হাসিনাকে আর দলীয় নেতৃত্বে দেখা নাও যেতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে জয় বলেন, শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নিতে চান এবং তিনি বিদেশে স্থায়ীভাবে থাকতে আগ্রহী নন।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন। জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মৃত্যুদণ্ড দেওয়ার পর অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। দলের বহু শীর্ষ নেতা দেশত্যাগ করেছেন, আর দেশে থাকা অনেকেই কারাবন্দি।
আল জাজিরার সাংবাদিক শ্রীনিবাসন জৈনের প্রশ্নের জবাবে জয় বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে এবং দলটি কোথাও যাচ্ছে না। তাঁর দাবি, আওয়ামী লীগের সমর্থন এখনো ৪০ থেকে ৫০ শতাংশ ভোটারের মধ্যে রয়েছে, যা হঠাৎ হারিয়ে যাবে—এমন ধারণা বাস্তবসম্মত নয়। তবে শেখ হাসিনার নেতৃত্বের বিষয়ে জয় স্পষ্ট করে বলেন, তাঁর মায়ের বয়স হয়েছে (৭৮ বছর) এবং এটি তাঁর শেষ মেয়াদ হওয়ার কথা ছিল। তিনি অবসর নিতে চান। সাংবাদিক যখন এটিকে ‘হাসিনা যুগের সমাপ্তি’ কি না জানতে চান, তখন জয় বলেন, “সম্ভবত তাই।”
তিনি আরও বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনাকে নিয়েও চলতে পারে, আবার তাঁকে ছাড়াও চলতে পারে। এটি ৭০ বছরের পুরোনো একটি দল, কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।
নির্বাচনে অনিয়ম ও সহিংসতা প্রসঙ্গে জয় দাবি করেন, আওয়ামী লীগ কখনোই রাজনৈতিক দল নিষিদ্ধ করেনি এবং অতীতের নির্বাচনে দলটির জয়ের জন্য কারচুপির প্রয়োজন ছিল না। সহিংসতার বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ সহিংসতা চায় না; বরং দমন-পীড়নের ফলেই সংঘাত তৈরি হয়। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ সহিংস রাজনীতির সঙ্গে জড়িত নয় এবং দলটি জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানাচ্ছে।
