“ভারতের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনে কঠোর জবাব দেবে পাকিস্তান: হুঁশিয়ারি ইসলামাবাদের”
ভারতের যেকোনো উসকানির বিরুদ্ধে কঠোর ও সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে আজাদ জম্মু ও কাশ্মীর আইনসভার বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি বলেন, আঞ্চলিক শান্তি নষ্ট করার যে কোনো প্রচেষ্টার জবাব দিতে পাকিস্তান প্রস্তুত। শুক্রবার দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ভারত তার প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানে সন্ত্রাসবাদ উসকে দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, আগ্রাসী ও আধিপত্যবাদী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত যেকোনো সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে পাকিস্তানের সশস্ত্র বাহিনী আগের মতোই দৃঢ়তা ও দক্ষতার সঙ্গে ব্যবস্থা নেবে বলে তিনি আশ্বস্ত করেন।
শাহবাজ শরিফ আরও বলেন, পাকিস্তান শান্তিতে বিশ্বাস করে, তবে সেই শান্তি হতে হবে ন্যায়বিচার ও সমতার ভিত্তিতে। কাশ্মীর প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মারকা-ই-হক শুধু সামরিক সাফল্য নয়, কাশ্মীরি জনগণের আত্মত্যাগের প্রতীক। জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত পাকিস্তানের কূটনৈতিক ও নৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এদিকে সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির মুজাফফরাবাদ সফরে কাশ্মীরি শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং যে কোনো আগ্রাসনের জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
