প্রোগ্রামার আটক: জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের চাঞ্চল্যকর তথ্য



 






বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক দেড়টার দিকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।




ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হ্যাকিংয়ের অভিযোগের প্রেক্ষিতে মোহাম্মদ ছরওয়ারে আলমকে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এর আগে সোমবার রাত ১২টার দিকে ডিবি পুলিশের একটি দল রাজারবাগ পুলিশ লাইন অডিটরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সেখান থেকেই তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।




উল্লেখ্য, গত শনিবার রাতে জামায়াতে ইসলামীর আমিরের এক্স অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ করা হয়। হ্যাকের পর ওই অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে একটি আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়, যা দলটির মতে আমিরের আদর্শ ও অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। ওই পোস্টের স্ক্রিনশট দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জামায়াতের সাইবার টিম অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে বিতর্কিত পোস্টটি মুছে ফেলে। এ ঘটনায় দলটির পক্ষ থেকে জানানো হয়, এটি একটি পরিকল্পিত সাইবার হামলা এবং আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচারের চেষ্টা করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url