মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান
মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংকট এড়াতে আঞ্চলিক দেশগুলো মধ্যস্থতার চেষ্টা চালালেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তেহরানও স্পষ্ট বার্তা দিয়েছে—দেশ রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এমন উত্তেজনাকর পরিস্থিতিতে শুক্রবার তুরস্ক সফরে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সফরকালে আঙ্কারার সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায় তেহরান। বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে বিরত রাখতে তুরস্ক কূটনৈতিক ভূমিকা রাখতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছেছে বিশাল মার্কিন নৌবহর। একই সঙ্গে তিনি ইরানে সরকার পরিবর্তন ও সামরিক হামলার ইঙ্গিত দেন। এর জবাবে ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব জানায়, আলোচনার চেয়ে প্রতিরোধই এখন তাদের প্রধান অগ্রাধিকার।
সম্প্রতি ইরান সামরিক সক্ষমতা বাড়াতে একাধিক মহড়া চালিয়েছে এবং সশস্ত্র বাহিনীতে এক হাজারের বেশি উন্নত ড্রোন যুক্ত করেছে। পাশাপাশি সম্ভাব্য সংঘাত মোকাবিলায় বেসামরিক প্রস্তুতিও জোরদার করছে দেশটির সরকার।
