বিশ্বকাপের আগে পাকিস্তানের ‘হুংকার’ যা জানা গেলো


 





আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাঠের পারফরম্যান্সে কোনো ঘাটতি রাখছে না দলটি। বিশ্বকাপ বর্জনের গুঞ্জন আর নানা জল্পনার মাঝেই শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরু করে দারুণ এক জয় তুলে নিয়েছে সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে ২২ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।



টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম বলেই শূন্য রানে ফিরেন সাহিবজাদা ফারহান। তবে চাপ সামলে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তরুণ সাইম আইয়ুব। মাত্র ২২ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংসে ম্যাচের গতি বদলে দেন তিনি। এরপর অধিনায়ক সালমান আলী আঘা ও বাবর আজমের জুটিতে ইনিংসে স্থিরতা আসে। সালমান ২৭ বলে ৩৯ রান করে দলের স্কোর এগিয়ে নেন, বাবর করেন ২৪ রান। শেষ দিকে নওয়াজ ও উসমান খানের অবদানে পাকিস্তান দাঁড়ায় ১৬৮ রানে।



জবাবে অস্ট্রেলিয়া শুরুটা দ্রুত করলেও নিয়মিত উইকেট হারাতে থাকে। ট্রাভিস হেড ও ক্যামেরন গ্রিন চেষ্টা করলেও আবরার আহমেদের নিয়ন্ত্রিত স্পিনে রান তাড়া থমকে যায়। ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেন আবরার। শেষ পর্যন্ত ১৪৬ রানেই থামে অস্ট্রেলিয়া।




ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্সের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতেন সাইম আইয়ুব। বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা থাকলেও এই জয়েই নিজেদের সামর্থ্যের বার্তা দিয়ে রাখল সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url