রেকর্ড ভেঙে আকাশছোঁয়া স্বর্ণের মূল্য, ভরি কত?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল নিয়ে আগ্রাসী অবস্থান এবং ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের উদ্যোগকে কেন্দ্র করে বৈশ্বিক অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে স্বর্ণবাজারে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এই উত্তেজনার মধ্যেই স্বর্ণের দাম বিশ্ব ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক স্পট মার্কেটে স্বর্ণের দাম একদিনে ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৮২১ দশমিক ২৬ ডলারে দাঁড়ায়। লেনদেনের এক পর্যায়ে দাম আরও বেড়ে সর্বোচ্চ ৪ হাজার ৮৪৩ দশমিক ৬৭ ডলারে পৌঁছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ৯২ হাজার টাকার সমান। একই সঙ্গে ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দামও ১ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৮১৩ দশমিক ৫০ ডলারে ওঠে।
ক্যাপিটাল ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক কাইল রডা বলেন, ইউরোপের সঙ্গে সম্ভাব্য বাণিজ্যযুদ্ধ এবং ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিনিয়োগকারীদের আস্থা মার্কিন ডলার ও দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ড থেকে সরে যাচ্ছে। এর ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। তিনি আরও জানান, ডলার ইউরো ও সুইস ফ্রাঁর বিপরীতে টানা কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে, পাশাপাশি এশিয়ার শেয়ারবাজারেও ধারাবাহিক পতন চলছে।
এর প্রভাব দেশের বাজারেও পড়েছে। বুধবার থেকে বাংলাদেশে স্বর্ণের নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৮৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৯ হাজার ৭৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা।
