প্রবাসীদের ১ লাখ ৩৯ হাজার ব্যালট দেশে পৌঁছেছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা প্রবাসী বাংলাদেশিরা ব্যালট পেপার দেশে পাঠানো শুরু করেছেন। এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঠানো মোট ১ লাখ ৩৯ হাজার ৭৬৩টি ব্যালট বাংলাদেশে পৌঁছেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম তদারককারী ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রবাসী ভোটারদের ঠিকানায় মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ১৬ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৫৪ হাজার ৫৮৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট প্রদানের পর ৪ লাখ ৬ হাজার ৫৬৪ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে ব্যালট জমা দিয়েছেন।
এদিকে প্রবাসীদের পাশাপাশি দেশের অভ্যন্তরে অবস্থানরত ভোটারদের মধ্যেও পোস্টাল ব্যালট বিতরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দেশের ভেতরে নিবন্ধন করা ২ লাখ ৬৯ হাজার ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭৪৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন, ২ হাজার ৪২২ জন ভোট দিয়েছেন এবং ১ হাজার ১৪৯ জন ব্যালট ডাকযোগে জমা দিয়েছেন।
সালীম আহমাদ খান আরও জানান, দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার পোস্টাল ভোটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।
