আল্লাহর নামে তিনবার শপথ করে যে প্রতিশ্রুতি দিলেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণ যদি আগামী ১২ ফেব্রুয়ারি তাদের ওপর দায়িত্ব দেয়, তবে আল্লাহর নামে শপথ করে তিনি আশ্বস্ত করেন—জনগণের সম্পদের দিকে তারা কখনো হাত বাড়াবেন না। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, জামায়াত ক্ষমতায় গেলে জনপ্রতিনিধিরা জনগণের চৌকিদার হিসেবে দায়িত্ব পালন করবে এবং আমানতের খেয়ানত করবে না। জনপ্রতিনিধিদের অবৈধ সম্পদ বৃদ্ধি রোধ করা হবে এবং প্রতি বছর আয়-ব্যয়ের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে। চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, পুনর্বাসনের নামে চাঁদাবাজদের উৎসাহ দেওয়া হবে না; বরং কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফেরানো হবে।
মেহেরপুরকে ছোট জেলা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, মানুষ একে অপরকে চেনা সত্ত্বেও চাঁদাবাজি ছড়িয়ে পড়েছে। জনগণের সমর্থনে ক্ষমতায় এলে এই সমস্যার সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ’ মানে মুক্তি আর ‘না’ মানে পরাধীনতা। তিনি ভোটের দিন কেন্দ্র পাহারা ও ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
বিগত সরকারগুলোর সমালোচনা করে জামায়াত আমির বলেন, দীর্ঘ সময়েও দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। দুর্নীতি, মাদক ও বেকারত্ব তরুণ সমাজকে বিপথে ঠেলে দিয়েছে। দায়িত্ব পেলে তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে সুন্দর ও গর্ব করার মতো করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
