৩৭ হাজারের বেশি মতামত পেল জামায়াত





বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জনগণের সরাসরি মতামতের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রণয়নের উদ্যোগ ‘জনতার ইশতেহার’-এ এখন পর্যন্ত ৩৭ হাজারের বেশি মতামত জমা পড়েছে। এই ব্যাপক অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।



সোমবার (২৬ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত, আন্তরিক ও ব্যাপক অংশগ্রহণ এই উদ্যোগকে ব্যতিক্রমী ও ঐতিহাসিক করে তুলেছে। এতে অংশ নেওয়া সব নাগরিকের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।



ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, গত ১০ ডিসেম্বর ২০২৫ সালে ‘জনতার ইশতেহার’-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এরপর দেশের নানা শ্রেণি-পেশার মানুষ দায়িত্ববোধ ও আগ্রহ নিয়ে তাদের মতামত প্রদান করেন, যা জামায়াতে ইসলামীকে ভবিষ্যৎ পরিকল্পনায় অনুপ্রাণিত করেছে।



তিনি আরও জানান, প্রাপ্ত মতামতগুলো জাতীয় খাত, ৩০০ সংসদীয় আসন, পেশা, অঞ্চল, শহর ও জেলা—এই বিভিন্ন ক্যাটাগরিতে সংগৃহীত হয়েছে। লিখিত মতামতের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক অডিও ও ভিডিও মতামতও পাওয়া গেছে, যা মানুষের বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যাশাকে স্পষ্টভাবে তুলে ধরেছে।



পোস্টের শেষাংশে জামায়াত আমির বলেন, জনগণের এই অংশগ্রহণই প্রমাণ করে এটি সত্যিকার অর্থেই ‘জনতার ইশতেহার’। ইনশাআল্লাহ, এসব মতামতের আলোকে একটি ন্যায়ভিত্তিক, জনবান্ধব ও দায়িত্বশীল বাংলাদেশ গড়ে তোলা হবে।



 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url