জাতির উদ্দেশে দুটি স্পষ্ট বার্তা দিলেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জাতির সামনে দুটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরছে জামায়াতে ইসলামী। একদিকে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হচ্ছে, অন্যদিকে পারস্পরিক আক্রমণ ও সংঘাত পরিহার করে নিজ নিজ রাজনৈতিক কর্মসূচি নিয়ে জনগণের দ্বারে যাওয়ার তাগিদ দেওয়া হচ্ছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) উত্তরবঙ্গে দুদিনের নির্বাচনি সফর শুরুর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশের কিছু অগ্রগতি হলেও সামগ্রিকভাবে ক্ষতির পরিমাণই বেশি হয়েছে।
ডা. শফিকুর রহমান দাবি করেন, দীর্ঘ এই সময়ে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মুখে পড়েছে এবং রাষ্ট্রের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বিপুল অঙ্কের ঋণের বোঝা। আর্থিক প্রতিষ্ঠানগুলোও চরম সংকটে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। তাঁর মতে, এসব কারণে ভবিষ্যতে যারা সরকার গঠন করবে, তাদের জন্য পরিস্থিতি সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
তিনি আরও বলেন, সামাজিক ও অর্থনৈতিক সংকট এখনো কাটেনি। যুবসমাজ বেকারত্বে ভুগছে, কর্মক্ষেত্রে নিরাপদ ও কর্মীবান্ধব পরিবেশ নিশ্চিত হয়নি এবং নারী নিরাপত্তা নিয়েও সমাজ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ অবস্থায় জনগণের রায়ে নির্বাচিতদের প্রতি সম্মান জানানো এবং নির্বাচন প্রক্রিয়ায় কোনো অসৎ উদ্দেশ্য না রাখার আহ্বান জানান জামায়াত আমির।
