বাংলাদেশের সমর্থনে পাকিস্তান সরে গেলে বিশ্বকাপ খেলবে কোন দল যা জানা গেলো
নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বিকল্প হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) তা গ্রহণ করেনি। যদিও একই ধরনের সুবিধা পাকিস্তানকে দেওয়া হয়েছিল, বাংলাদেশকে সে সুযোগ না দেওয়ায় শেষ পর্যন্ত টাইগারদের বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি। এর ফলে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে স্কটল্যান্ড।
তবে ভেন্যু পরিবর্তন সংক্রান্ত বাংলাদেশের দাবির প্রতি সমর্থন জানিয়েছে পাকিস্তান। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে পাকিস্তান নিজেরাও বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিতে পারে বলে আলোচনা চলছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করে জানিয়েছেন, শুক্রবার অথবা আগামী সোমবারের মধ্যে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে পাকিস্তান যদি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়, তাহলে শূন্য আসন পূরণে আইসিসিকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। এমন সম্ভাবনার কথা মাথায় রেখে উগান্ডা ক্রিকেট কর্তৃপক্ষ নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে আগ্রহ প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ব্যঙ্গাত্মক পোস্টে তারা জানিয়েছে, শেষ মুহূর্তে ডাক এলে তারা সম্পূর্ণ প্রস্তুত।
উগান্ডার এই পোস্টটি মূলত আইসল্যান্ড ক্রিকেটের সাম্প্রতিক একটি মন্তব্যের প্রতি ইঙ্গিত করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা ও নাটকীয়তা দিন দিন বাড়ছেই।
