আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে বিএনপি বড় বিপদে পড়বে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর পক্ষে যে ধরনের ইতিবাচক বক্তব্য আসছে, তা অত্যন্ত উদ্বেগজনক। বিএনপি যদি আওয়ামী লীগকে আবার রাজনীতিতে জায়গা করে দেওয়ার চেষ্টা করে, তাহলে দলটিকে বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের মুখে পড়তে হবে, যার প্রভাব দেশকেও ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দেবে।
শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার আদমদিঘী উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানালেও একটি বড় রাজনৈতিক ভুলের কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে সক্রিয় করার সুযোগ দেওয়ার খেসারত দেশের মানুষকে দীর্ঘদিন ধরে দিতে হয়েছে।
বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, জীবনের শেষ সময়গুলো তাকে চরম কষ্টের মধ্য দিয়ে কাটাতে হয়েছে। পাশাপাশি ১/১১–এর সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্র করে বিএনপির রাজনৈতিক ভিত্তি দুর্বল করার চেষ্টার কথাও স্মরণ করিয়ে দেন।
আসিফ মাহমুদ আরও বলেন, ভবিষ্যতে আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে হলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই একমাত্র পথ। গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর বগুড়া-৩ আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। এতে দলের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
