নিপা ভাইরাসের আতঙ্কে ভারতে টি–টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন অনিশ্চয়তা






নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। ইংল্যান্ডের আপত্তির পর এবার অস্ট্রেলিয়াও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় টুর্নামেন্ট আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, স্বাস্থ্যঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অংশগ্রহণকারী দেশগুলো।



পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডি জানিয়েছে, নিপা ভাইরাসের সংক্রমণ ঝুঁকির কারণে ইংল্যান্ড ইতোমধ্যে ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। একই সঙ্গে ইউরোপের আরও কয়েকটি দেশও সতর্ক অবস্থান নিচ্ছে বলে দাবি করা হয়েছে।



এদিকে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, নিপা ভাইরাস পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। যদিও আপাতত ভ্রমণসংক্রান্ত প্রোটোকলে পরিবর্তন আনা হয়নি, তবে সরকার সতর্ক রয়েছে। এশিয়ার কয়েকটি বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়া এখনো অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করেনি।



আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিপা ভাইরাস অত্যন্ত প্রাণঘাতী এবং এর মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। সংক্রমণ প্রতিরোধে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল স্বাস্থ্যকর্মীদের জন্য কঠোর সুরক্ষা নির্দেশনা দিয়েছে।






এই প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় স্থানান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url