বিএনপিতে ভাঙনের ইঙ্গিত? একযোগে ২২ নেতাকর্মীর পদত্যাগ


 




মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা এবং জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে বিএনপিতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। উপজেলা বিএনপির সদস্য সচিবসহ মোট ২২ জন নেতাকর্মী দল থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাটসংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।



সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। তিনি জানান, মুন্সীগঞ্জ-৩ আসনের আওতাধীন ৭৮টি ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে মত দিলেও তা উপেক্ষা করে অন্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে জেলা বিএনপির জনপ্রিয় নেতা মহিউদ্দিন আহমেদ এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ মুহাম্মদ মজিবুর রহমানসহ ১৩ জন নেতাকে বহিষ্কারের সিদ্ধান্তে তারা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ।



তিনি আরও বলেন, এসব অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা দলীয় সব পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পদত্যাগকারীদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার ও ইঞ্জিনিয়ার মুকবুল আহমেদ রতনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা রয়েছেন।




এদিকে আগামী দিনে আরও অর্ধশতাধিক নেতাকর্মী পদত্যাগ করতে পারেন বলে জানানো হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এসব ঘটনায় গজারিয়াসহ মুন্সীগঞ্জে বিএনপির রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url