জাবের-আম্মারসহ শতাধিক আহত: পুলিশের সঙ্গে সংঘর্ষ নিয়ে ডাকসুর ভিপির প্রতিক্রিয়া যা জানা গেলো
জাতিসংঘের তত্ত্বাবধানে শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও দোষীদের বিচার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় পথে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মারসহ শতাধিক আন্দোলনকারী আহত হন।
ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি জানান, হাদি হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে চলমান আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের। আহতদের মধ্যে ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্য শান্তা আক্তার এবং রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারও রয়েছেন।
ডাকসুর ভিপি অভিযোগ করেন, সরকার একদিকে হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, অন্যদিকে বিচার দাবিতে আন্দোলনরতদের ওপর গুলি ও হামলা চালানো হয়েছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, কার নির্দেশে এবং কার মদদে এমন হামলা হয়েছে, সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে জবাবদিহি করতে হবে।
এদিকে শুক্রবার টানা দ্বিতীয় দিনের মতো হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও জলকামান ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, জাতিসংঘের অধীনে তদন্তের সরকারি ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।
