ইনকিলাব মঞ্চের সদস্যসচিবের কড়া হুঁশিয়ারি






শহিদ উসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হলে নির্বাচনের পর গঠিত সরকারকে কঠোর আন্দোলনের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে পুলিশের কথিত হামলার প্রতিবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।




সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল জাবের বলেন, হাদি ছিলেন তাদের আন্দোলনের একজন সহযোদ্ধা। তার হত্যাকাণ্ডের বিচার ছাড়া তারা পিছিয়ে যাবেন না। তিনি জানান, সামনে যত বাধাই আসুক, নির্ধারিত ১২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে এবং তা পেছানোর সুযোগ নেই। তবে নির্বাচনের পর যে দলই রাষ্ট্রক্ষমতায় আসুক, তারা যদি হাদি হত্যার বিষয়ে কার্যকর ও ন্যায়সঙ্গত পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়, তাহলে ইনকিলাব মঞ্চ কঠোর কর্মসূচিতে যাবে।



তিনি আরও জানান, শহিদ হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে নিশ্চিত করার দাবিতে যমুনা এলাকার সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন তারা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এতে তাদের বহু নেতাকর্মী আহত হন বলে দাবি করেন তিনি।



জাবের অভিযোগ করেন, আন্দোলনকারীদের ওপর রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। নারীসহ অনেকেই মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়েছেন। তিনি আরও বলেন, দায়িত্বে থাকা অনেক পুলিশ সদস্যের পোশাকে নামফলক ছিল না এবং তারা মুখে মাস্ক ও হেলমেট পরিহিত ছিলেন, যা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তোলে।




ইনকিলাব মঞ্চ সরকারের কাছে দাবি জানিয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরে আনুষ্ঠানিক চিঠি পাঠাতে হবে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সকলকে আইনের আওতায় আনতে হবে। তারা শান্তিপূর্ণ সমাধান চাইলেও বিচারহীনতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার ঘোষণা দেন।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url