ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক, জিডি ও জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন ইস্যুতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর মগবাজারে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনটি যথাযথভাবে প্রচারের লক্ষ্যে জাতীয় ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ উপলক্ষে প্রতিটি গণমাধ্যম প্রতিষ্ঠানকে একজন রিপোর্টার ও একজন ফটো সাংবাদিক পাঠানোর আহ্বান জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
এর আগে শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার পর দলের আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়। হ্যাকের কিছু সময় পরই অ্যাকাউন্ট থেকে একটি অপ্রত্যাশিত ও আপত্তিকর পোস্ট প্রকাশ করা হয়। বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই জামায়াতে ইসলামীর সাইবার টিম অ্যাকাউন্ট পুনরুদ্ধারে কাজ শুরু করে এবং বিকেল ৫টার কিছু সময় পর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেতে সক্ষম হয়। পরে বিতর্কিত পোস্টটি সরিয়ে নেওয়া হয়।
তবে অল্প সময়ের মধ্যে প্রকাশিত ওই পোস্টের স্ক্রিনশট সংগ্রহ করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। এ ধরনের অপপ্রচার বন্ধ এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়েছে। এ ঘটনায় সোমবার মধ্যরাতে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানানো হয়।
