নায়িকাদের ‘হাঁড়ির খবর’ ফাঁস করলেন প্রসেনজিৎ
টালিউডে তিন দশকেরও বেশি সময় ধরে একচ্ছত্র প্রভাব বিস্তার করে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বাংলা সিনেমার এই সুপারস্টার সম্প্রতি এক আড্ডায় সহঅভিনেত্রীদের নিয়ে খোলামেলা গল্পে মেতেছিলেন। সেখানে উঠে এসেছে প্রশংসা, মজা, ভয় আর অজানা বহু কিসসা।
আড্ডায় সবচেয়ে চমকপ্রদ মন্তব্যটি ছিল জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকে নিয়ে। প্রসেনজিৎ স্বীকার করেন, সুদীপ্তার সঙ্গে কাজ করতে তিনি সত্যিই ভয় পান। তার মতে, সুদীপ্তা কখন কোন মাত্রার অভিনয় উপহার দেবেন, তা আগেভাগে বোঝা যায় না। ‘জ্যেষ্ঠপুত্র’ সিনেমায় ব্যক্তিগত শোকের মধ্যেও তার অভিনয় পুরো ইউনিটকে কাঁদিয়ে দিয়েছিল বলে জানান তিনি।
ঋতুপর্ণা সেনগুপ্তের সময়ানুবর্তিতা নিয়েও মজার ছলে কটাক্ষ করেন প্রসেনজিৎ। আর রাইমা সেনকে বর্ণনা করেন শিশুসুলভ ও আবেগপ্রবণ অভিনেত্রী হিসেবে, যিনি কান্নার দৃশ্যে অসাধারণ পারফরম্যান্স দেন।
রচনা ব্যানার্জির পেশাদারিত্বের প্রশংসা করে তার কড়া রুটিনের কথাও জানান তিনি। জয়া আহসান সম্পর্কে বলেন, তিনি অত্যন্ত হিসেবি ও প্রস্তুত অভিনেত্রী, আর রসগোল্লা খেয়েও তার শরীরে কোনো প্রভাব পড়ে না।
এ ছাড়া শ্রাবন্তীর মিমিক্রি প্রতিভা, পাওলি দামের কমেডি দক্ষতা এবং অপরাজিতা আঢ্যের ইতিবাচক উপস্থিতির কথাও তুলে ধরেন প্রসেনজিৎ। শেষদিকে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নতুন করে হলে তিনি দেব-জিৎ-অঙ্কুশদের নিয়ে মাল্টিস্টার কাস্ট দেখতে চান বলেও জানান।
