শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকিংয়ের সঙ্গে কারা জড়িত জানাল জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় কারা জড়িত থাকতে পারে, সে বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। তিনি অভিযোগ করেন, এটি একটি সুপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক ঘটনা, যার উদ্দেশ্য জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।
রোববার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এহসানুল মাহবুব জুবায়ের জানান, হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট দখল করে সেখান থেকে কয়েকটি আপত্তিকর ও অগ্রহণযোগ্য পোস্ট দেয়, যা জামায়াতে ইসলামীর নীতি, আদর্শ ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
তিনি আরও দাবি করেন, ঘটনার পরপরই যারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, প্রকৃতপক্ষে তারাই এই হ্যাকিংয়ের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে পারে। তাঁর ভাষায়, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দীর্ঘদিন ধরে চলমান একটি পরিকল্পিত চক্রান্তের অংশ।
সংবাদ সম্মেলনে তিনি জানান, শনিবার (৩১ জানুয়ারি) বিকাল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। পরে দলের সাইবার টিমের প্রচেষ্টায় বিকাল ৫টা ২২ মিনিটে অ্যাকাউন্টের পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়। হ্যাক হওয়া অবস্থায় দেওয়া পোস্টগুলোর সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই বলেও তিনি স্পষ্ট করে উল্লেখ করেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
