জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী


 





জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করা শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুরের সিংহজানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জামায়াতের এক নির্বাচনী জনসভায় তারা আনুষ্ঠানিকভাবে নতুন দলে অন্তর্ভুক্ত হন।



জনসভায় মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নুরুল আমিন পদত্যাগকারী নেতাকর্মীদের হাতে ফুল তুলে দিয়ে দলীয়ভাবে বরণ করে নেন। এ সময় তিনি বলেন, গণঅধিকার পরিষদ থেকে আসা নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে স্বাগত জানানো হয়েছে এবং তারা আদর্শিক রাজনীতিতে নতুন করে কাজ করার সুযোগ পাবেন।






এর আগে শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গণঅধিকার পরিষদের দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ থেকে বিচ্যুতির অভিযোগ তুলে একযোগে পদত্যাগ করেন দলটির শতাধিক নেতাকর্মী। পদত্যাগকারীদের মধ্যে জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি আল আমিন মন্ডল, মেলান্দহ উপজেলা শাখার সদস্য সচিব শাহীন আলম, যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল মন্ডল, মাদারগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকিরুল ইসলাম জাকির এবং মাদারগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম হিরা উল্লেখযোগ্য।




এ ছাড়া জেলা, উপজেলা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি প্রবাসী অধিকার পরিষদের কয়েকজন সদস্যও পদত্যাগের তালিকায় রয়েছেন। পদত্যাগকারী নেতারা জানান, দীর্ঘদিন ধরেই সংগঠনের ভেতরে শৃঙ্খলার অভাব, নীতিগত অস্পষ্টতা এবং আদর্শিক রাজনীতির ঘাটতি লক্ষ্য করে তারা দল ছাড়ার সিদ্ধান্ত নেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url