হাসনাত আব্দুল্লাহর ব্যানারে অগ্নিসংযোগ, দোষীদের শাস্তির দাবি


 




কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণার একটি ব্যানারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) গভীর রাতে দেবিদ্বার উপজেলার বুড়িরপাড়–খাইয়ার সড়কের গাংপাড় এলাকায় সড়কের পাশে ঝুলিয়ে রাখা ব্যানারটিতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।



ঘটনার খবর পেয়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে। তাদের অভিযোগ, একটি মহল সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা করছে।



দেবিদ্বার উপজেলা এনসিপির সদস্য মোসলে উদ্দিন জানান, গভীর রাতে পূর্বপরিকল্পিতভাবে ব্যানারটি পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি শুধু একটি প্রচারণা ব্যানারের ওপর হামলা নয়, বরং গণতন্ত্র ও অবাধ নির্বাচনের বিরুদ্ধে সরাসরি ষড়যন্ত্র। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।





এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যানারে আগুন দেওয়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত কাউকে আটক করা না হলেও দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url