ফের কমেছে স্বর্ণের দাম, ভরি কত টাকা?
দেশীয় বাজারে স্বর্ণের দাম আবারও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে এক ধাপে বড় অঙ্কের মূল্যহ্রাস করা হয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
এদিন বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৫ হাজার ৩৬৫ টাকা, যা এখন দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা করা হয়েছে।
উল্লেখ্য, এর আগের রাতে প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৯২৫ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই আবারও দাম কমানোর ঘোষণা এলো।
এদিকে, স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের নির্ধারিত দামে রুপা বিক্রি হচ্ছে বলে জানিয়েছে বাজুস।
