যেসব জেলায় ব্যালট পেপার পাঠানো হচ্ছে জেনে নিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ১২টি জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার মুদ্রণের কাজ সম্পন্ন হয়েছে। ছাপা শেষ হওয়া এসব ব্যালট পেপার সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইতোমধ্যে পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর ও লক্ষ্মীপুর জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির আসনগুলোর ব্যালট পেপার ছাপার কাজও শেষ হয়েছে।
এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর অংশ হিসেবে নির্বাচনী পোস্টার মুদ্রণ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৯ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচার কার্যক্রম চললেও বিদ্যমান আচরণবিধি অনুযায়ী পোস্টার ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই বিধি লঙ্ঘন রোধে স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রিন্টিং প্রেসগুলোকে কোনো ধরনের নির্বাচনী পোস্টার মুদ্রণ না করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে।
