মাফিয়াতন্ত্রের পথে হাঁটছে একটি দল—সাদিক কায়েম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশ যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সম্ভাবনার মুখোমুখি হয়েছে, তা নষ্ট করতে একটি দল মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, এখন দেশবাসী স্পষ্টভাবে দেখছে—ওই দলটি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় না, বরং তারা মাফিয়াতন্ত্র কায়েমের পথে হাঁটছে।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গাজীপুরে ছাত্রদলের বিরুদ্ধে নারী হত্যার অভিযোগ ও বিএনপির নারী নিপীড়নের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সাদিক কায়েম বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে যেভাবে ক্ষমতা দখল করা হয়েছিল, সেই অগণতান্ত্রিক কাঠামো এখনো টিকিয়ে রাখতে চায় ওই দলটি। জুলাই বিপ্লবের পর দেড় বছরে তাদের কার্যক্রম বিশ্লেষণ করলে দেখা যাবে—এই সময়জুড়ে চাঁদাবাজি, টেন্ডার নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও ভয়ভীতির রাজনীতি চালু রাখা হয়েছে।
তিনি আরও বলেন, সম্প্রতি ওই দলের এক শীর্ষ নেতার আগমনের পর তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে উঠেছে। দেশের বিভিন্ন ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠলেও তা ভেঙে দিতে তারা নির্বাচন কমিশন ও বিচার ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের মানুষ ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে, আর এই বাস্তবতাই ওই দলকে অস্থির করে তুলেছে। নারী নির্যাতনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।
