শেখ হাসিনাকে সসম্মানে ফিরিয়ে আনার অঙ্গীকার
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোকাম্মেল হক চৌধুরী। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের আশ্বাসও দেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে রংপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডলের নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সভায় বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জনসভায় মোকাম্মেল হক চৌধুরী বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সাহসের সঙ্গে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন। তার দাবি, ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করা হবে এবং শেখ হাসিনাকে মর্যাদার সঙ্গে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি আওয়ামী লীগ সমর্থকদের ভয় না পেয়ে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান এবং লাঙ্গল প্রতীকের বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
তবে তার বক্তব্যের পরপরই উপজেলা জাতীয় পার্টি বিষয়টি থেকে নিজেদের দূরে রাখে। উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোস্তাকুর রহমান জানান, শেখ হাসিনাকে নিয়ে দেওয়া বক্তব্যটি মোকাম্মেল চৌধুরীর ব্যক্তিগত মতামত এবং ভুলবশত বলা হয়েছে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ইয়াসির জানান, এ ধরনের বক্তব্য দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে শোকজ করা হবে।
এ ঘটনায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। জামায়াত নেতা কামরুজ্জামান কবির বলেন, যারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা বলছে, জনগণ তাদের কঠোরভাবে প্রত্যাখ্যান করবে।
উল্লেখ্য, মোকাম্মেল হক চৌধুরীর ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীর নাম রয়েছে।
