ভোটগ্রহণের আগে-পরে ৯৬ ঘণ্টা সভা-সমাবেশে নিষিদ্ধ, রয়েছে যেসব আসন








আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে কেন্দ্র করে ঢাকার নির্দিষ্ট ১৩টি সংসদীয় আসনে কঠোর নিরাপত্তামূলক বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। ভোটগ্রহণের আগে ও পরে মোট ৯৬ ঘণ্টা এসব এলাকায় সব ধরনের জনসভা, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ থাকবে। রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।




গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ ধারার ক্ষমতা প্রয়োগ করে বলা হয়েছে, ভোট শুরুর আগের ৪৮ ঘণ্টা এবং ভোট শেষের পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি জনসভা আয়োজন, তাতে অংশগ্রহণ কিংবা মিছিল ও শোভাযাত্রা করতে পারবেন না।



এ সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় নির্বাচনী এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খল, উসকানিমূলক বা আক্রমণাত্মক কর্মকাণ্ড সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ভোটার ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন এবং অস্ত্র বা শক্তি প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।




গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ ৭ বছর সশ্রম কারাদণ্ডসহ অর্থদণ্ডের বিধান রয়েছে। এ নিষেধাজ্ঞা ঢাকা-৪ থেকে ঢাকা-১২, ঢাকা-১৪ এবং ঢাকা-১৬ থেকে ঢাকা-১৮ আসন পর্যন্ত কার্যকর হবে।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url