যারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে তাদেরকে কঠিন হুঁশিয়ারি দিলেন: হাসনাত আব্দুল্লাহ


 





জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের বিপক্ষে গিয়ে কেউ যদি ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা চালায়, তবে তারা নিরাপদে বাড়ি ফিরতে পারবে না। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।



সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ও এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজের পক্ষে এ জনসভার আয়োজন করা হয়। বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটাধিকার রক্ষায় তরুণ প্রজন্ম শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। তিনি অভিযোগ করেন, একাধিক পক্ষ পরিকল্পিতভাবে তরুণদের ব্যর্থ প্রমাণ করতে চায়। তার ভাষায়, ভারত, ব্যবসায়ী গোষ্ঠী, মিডিয়া মাফিয়া, পুরনো রাজনীতিবিদ এবং চাঁদাবাজ-টেন্ডারবাজ চক্র কেউই তরুণদের বিজয় চায় না।




প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, আগের তিনটি নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে এবং ভুয়া নির্বাচন পরিচালিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রশাসনকে জনগণের পাশে দাঁড়িয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের আহ্বান জানান হাসনাত আবদুল্লাহ।




জনসভায় সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন। এ সময় জামায়াত, খেলাফত মজলিসসহ ১১ দলীয় জোটের নেতারা বক্তব্য দেন। জনসভা শেষে নরিনা ইউনিয়ন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামে যোগ দেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url