আসন্ন নির্বাচনে ঢাকার যেসব আসন ঝুঁকিপূর্ণ, যা জানা গেল






আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকার কয়েকটি আসনকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর জানিয়েছেন, ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে সর্বোচ্চ ঝুঁকির মধ্যে ধরা হয়েছে।



শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রস্তুতি বিষয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। লে. কর্নেল ফুয়াদ মাসরুর জানান, এই তিনটি আসনের মোট ভোটকেন্দ্রের প্রায় ১৮ শতাংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ঢাকা-১৪ ও ১৬ আসনের পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি সংবেদনশীল।



তিনি আরও বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্নে কেন্দ্রে যাতায়াত করতে পারেন, সে বিষয়ে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। ঝুঁকির মাত্রা অনুযায়ী ভোটকেন্দ্রগুলোকে অধিক ঝুঁকিপূর্ণ, মধ্যম ও সাধারণ—এই তিন ভাগে বিভক্ত করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।





এ সময় সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে ক্যাম্প কমান্ডার বলেন, নির্বাচনকালীন পেশাদারিত্ব বজায় রেখে সংবাদ পরিবেশন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার তথ্য পেলে তা যাচাই না করে প্রচার না করার অনুরোধ জানান তিনি। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন, নির্বাচনের সময় প্রার্থী ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয় থাকবে।



সংবাদকর্মীরা কোথাও ঝুঁকির আশঙ্কা অনুভব করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বানও জানান তিনি।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url