কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারণাকালে অসুস্থ জামায়াত প্রার্থী আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও পরিচিত ইসলামিক বক্তা মুফতি আমির হামজা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছিলেন মুফতি আমির হামজা। প্রচারণাকালে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার হোসেন ইমাম জানান, মুফতি আমির হামজা কয়েক দিন ধরে পেটের সমস্যায় ভুগছিলেন। বমি ও পেটের জটিলতার কারণে তার শরীরে লবণশূন্যতা দেখা দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে আসার পরপরই তাকে চিকিৎসার আওতায় আনা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও উদ্বেগের কথা শোনা যাচ্ছে।
