নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী: হিরো আলম
কনটেন্ট ক্রিয়েটর ও চিত্রনায়ক আশরাফুল হোসেন আলম, যিনি বেশি পরিচিত হিরো আলম নামে, আবারও আলোচনায় এসেছেন। তিনি এর আগে একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিয়েছেন। চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে শেষ মুহূর্তে ‘আমজনতা’ দলের মনোনয়নপত্র সংগ্রহ করলেও তা জমা দেননি।
বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য ও ব্যতিক্রমী কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় থাকা হিরো আলম এবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ঢাকা-৮ আসনকে ঘিরে করা এক মন্তব্যে। রোববার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “এবারের নির্বাচনে আমার অভাব পূরণ করেছে ঢাকা-৮ আসনের এক প্রার্থী।” তবে তিনি কোন প্রার্থীর কথা উল্লেখ করেছেন, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি ঢাকা-৮। এই আসনে শুরুতে প্রার্থী হওয়ার কথা ছিল সন্ত্রাসীদের গুলিতে নিহত ওসমান হাদির। পরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রার্থী হন। একই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের শুরু থেকেই নাসীরুদ্দীন পাটওয়ারী ও মির্জা আব্বাসের মধ্যে কথার লড়াই চলছে। পাশাপাশি গণঅধিকার পরিষদের প্রার্থী মডেল মেঘনা আলম মাথায় মুকুট পরে প্রচারণা চালিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেন। সব মিলিয়ে ঢাকা-৮ আসনে অন্তত ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে।
