ভোট উপলক্ষে নৌ চলাচলে নিষেধ, জানানো হলো তারিখ





 






আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নৌযান চলাচলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটের দিনসহ এর আগের ও পরের সময় বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ভোটগ্রহণের আগের দিন ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে শুরু করে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা লঞ্চ ও ইঞ্জিনচালিত বোটসহ কিছু নৌযানের চলাচল বন্ধ থাকবে। তবে নির্দিষ্ট রুটে চলাচলকারী নৌযান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।



নির্দেশনায় আরও জানানো হয়, রিটার্নিং অফিসারের পূর্বানুমতি সাপেক্ষে প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষক, নির্বাচন কাভারেজে নিয়োজিত সাংবাদিক, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জন্য এই নিষেধাজ্ঞা শিথিল করা যেতে পারে। পাশাপাশি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগসহ জরুরি সেবায় ব্যবহৃত নৌযান এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।




এ ছাড়া প্রধান নৌপথে বন্দর কার্যক্রম, জরুরি পণ্য পরিবহন এবং ভোটার ও সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত নৌযান চলাচলেও নিষেধাজ্ঞা কার্যকর হবে না। প্রয়োজনে স্থানীয় বাস্তবতা বিবেচনায় জেলা ম্যাজিস্ট্রেট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা পাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url